রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
মে ২২, ২০২৬, ০৩:১১ পিএম
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে যাত্রীবাহী ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবুল হোসেন (৬৫) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার পৌরশহরের মুক্তা মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আরও তিন জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে দুই জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং অপর একজন রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
নিহত ভ্যানচালক আবুল হোসেন রাণীশংকৈল পৌরশহরের মহলবাড়ী এলাকার মৃত নয়ন শেখের ছেলে।
আহতরা হলেন- নেকমরদ এলাকার আব্দুর রউফের ছেলে তুহিন (১৭), পৌর শহরের ভান্ডারা গ্রামের ইউনুস আলীর ছেলে শফিকুল ইসলাম (৪৫) এবং পার্শ্ববর্তী পীরগঞ্জ উপজেলার পয়েন্দা গ্রামের রকেটের ছেলে আতিক (১৬)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে রাণীশংকৈল পৌরশহরের বন্দর মুক্তা মার্কেট এলাকায় ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ভ্যানচালক আবুল হোসেন, মোটরসাইকেলে থাকা দুই আরোহী আতিক ও তুহিন এবং ভ্যানের যাত্রী শফিকুল ইসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভ্যানচালক আবুল হোসেনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
জেএইচআর