আমার সংবাদ ডেস্ক
মে ২৫, ২০২৬, ১২:১৮ এএম
জাতীয় সংগীত রবীন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে ধার করা উল্লেখ করে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মানবতাই সবচেয়ে বড় সত্য, সেখানে ধর্মীয় বিভেদের কোনো স্থান নেই। তিনি বলেন, কিছু ভণ্ড ও গুন্ডা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করছে।
রোববার সন্ধ্যায় ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, কাজী নজরুল ইসলাম আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। একসময় শিল্প-সাহিত্য ও সংস্কৃতিচর্চা হারিয়ে যেতে বসেছিল, তরুণ সমাজ মাদক, অস্ত্রবাজি ও গুন্ডামির দিকে ঝুঁকে পড়েছিল। তবে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ও সংস্কৃতির বিকাশে গুরুত্ব দিয়ে সেই পরিস্থিতি বদলের উদ্যোগ নিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, সরকার চায় শিক্ষার্থীরা বই, শিক্ষা ও সংস্কৃতিমুখী হোক। ইতোমধ্যে সমাজে ইতিবাচক পরিবর্তনের লক্ষণ দেখা যাচ্ছে।
শিশু রামিসা হত্যা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ঘটনার পর দ্রুত সময়ের মধ্যে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং এক সপ্তাহের মধ্যেই চার্জশিট দাখিল করা হয়েছে। অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলেও তিনি জানান।
আসাদুজ্জামান বলেন, দেশকে শিশুদের জন্য নিরাপদ ও বাসযোগ্য করে গড়ে তোলাই সরকারের লক্ষ্য। কোনো উসকানি বা অস্থিতিশীলতা সৃষ্টি করে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা যাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এম জি