আমার সংবাদ ডেস্ক
মে ৩১, ২০২৬, ০৯:১৪ পিএম
চুয়াডাঙ্গায় ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের একটি মোটরসাইকেল র্যালিতে ট্রাফিক পুলিশের অভিযানে চারজনকে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে চারটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
রোববার বিকেলে শহরের টাউন ফুটবল মাঠ থেকে র্যালি শুরু হওয়ার প্রস্তুতিকালে ট্রাফিক পুলিশ অভিযান চালায়। পুলিশ জানায়, কয়েকটি মোটরসাইকেলের সাইলেন্সার পাইপ অপসারণ করে অতিরিক্ত শব্দ সৃষ্টি করা হচ্ছিল। এছাড়া সংশ্লিষ্ট চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্সও পাওয়া যায়নি।
চুয়াডাঙ্গা জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক আমিরুল ইসলাম জানান, নিয়মিত ট্রাফিক তদারকির অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। এ সময় শব্দদূষণ এবং ড্রাইভিং লাইসেন্স না থাকার অভিযোগে চারটি মোটরসাইকেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এসব অপরাধে মোট ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এএন