আমার সংবাদ ডেস্ক
জুন ৩, ২০২৬, ০৫:৫৬ পিএম
নারী কারারক্ষীর সঙ্গে কথিত অনৈতিক প্রস্তাবের একটি অডিও ফাঁস হওয়ার পর কিশোরগঞ্জ জেলা কারাগারের তত্ত্বাবধায়ক (জেল সুপার) মো. দিদারুল আলমকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।
বুধবার কারা অধিদপ্তরের কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মো. দিদারুল আলমকে কিশোরগঞ্জ জেলা কারাগার থেকে বদলি করে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে কারা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া চট্টগ্রাম কারাগারের হসপিটালাইজড প্রিজনার্স সিকিউরিটি ইউনিটের কারা তত্ত্বাবধায়ক মো. আনোয়ারুল করিমকে কিশোরগঞ্জ জেলা কারাগার-১ এর অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
সম্প্রতি সামাজিক মাধ্যমে কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার ও একই কারাগারের এক নারী কারারক্ষীর মধ্যে একটি ফোনালাপ ভাইরাল হয়। ওই কথোপকথনে জেল সুপারকে সহকর্মীর প্রতি আপত্তিকর ও অশালীন ইঙ্গিত দিতে শোনা যায় বলে দাবি করা হয়।
এম জি