আমার সংবাদ ডেস্ক
জুন ৪, ২০২৬, ১২:০৬ এএম
দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন।
বুধবার (৩ জুন) রাত প্রায় ১০টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, বিকেলে জামিনসংক্রান্ত নথিপত্র কারাগারে পৌঁছানোর পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে রাতে তাকে মুক্তি দেওয়া হয়। মুক্তির পর পরিবারের সদস্য ও আইনজীবীদের সঙ্গে তিনি নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা হন।
আইনজীবীর ভাষ্য অনুযায়ী, আইভীর বিরুদ্ধে থাকা ১২টি মামলার সবকটিতে উচ্চ আদালত ও আপিল বিভাগের আদেশে জামিন বহাল থাকায় তার মুক্তির পথ উন্মুক্ত হয়। গত ১০ মে ১০টি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন আপিল বিভাগ বহাল রাখে। পরবর্তীতে আরও দুটি হত্যা মামলায় দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে ১৭ মে সেসব মামলাতেও জামিন বহাল রাখার নির্দেশ দেন আপিল বিভাগ।
তিনি আরও জানান, আপিল বিভাগের আদেশ বিচারিক আদালতে পৌঁছানোর পর জামিন কার্যকরের আবেদন করা হয়। আদালতের অনুমোদন মেলার পর কারাগারে প্রয়োজনীয় নথি পাঠানোর প্রক্রিয়া শুরু হলেও ঈদুল আজহার ছুটির কারণে কিছুটা সময় লাগে। সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বুধবার কাশিমপুর কারাগারে কাগজপত্র পৌঁছালে তার মুক্তি নিশ্চিত হয়।
আওলাদ হোসেন বলেন, সব মামলায় জামিন কার্যকর হওয়ায় আইভী কারামুক্ত হয়েছেন। তিনি তার আইনি লড়াই অব্যাহত রাখবেন। পাশাপাশি ভবিষ্যতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১৮ আগস্ট তৎকালীন অন্তর্বর্তী সরকার ডা. সেলিনা হায়াৎ আইভীকে মেয়রের পদ থেকে অপসারণ করে। এরপর তিনি নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজ বাসভবনে অবস্থান করছিলেন।
২০২৫ সালের ৮ মে রাতে তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে পুলিশ তার বাসভবনে গেলে বিপুলসংখ্যক সমর্থক সেখানে জড়ো হন। প্রায় ছয় ঘণ্টা পরিস্থিতি চলার পর ৯ মে ভোরে তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।
গ্রেপ্তারের পর বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে দায়ের হওয়া তিনটি হত্যা ও দুটি হত্যাচেষ্টা মামলাসহ একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে বিভিন্ন মামলায় জামিন পেলেও নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর ঘটনায় তার আইনজীবীরা উচ্চ আদালতের দ্বারস্থ হন। গত ২৬ এপ্রিল হাইকোর্ট তাকে নতুন কোনো মামলায় গ্রেপ্তার বা হয়রানি না করার নির্দেশ দেন এবং এ ধরনের গ্রেপ্তার দেখানোর বৈধতা নিয়ে রুল জারি করেন।
ডা. সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টানা তিনবারের নির্বাচিত মেয়র এবং সাবেক পৌর চেয়ারম্যান। পাশাপাশি তিনি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।
এম জি