মো. মহসিন তালুকদার, মাদারীপুর
জুন ৬, ২০২৬, ০৩:২৪ পিএম
“রাখিব চারপাশ পরিষ্কার, গড়িব সুন্দর পরিবেশ”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে মাদারীপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় একটি সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে শহরের সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্টের মোড়ে এসে শেষ হয়। এরপর শহরের ঐতিহ্যবাহী শকুনি লেক এলাকায় একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া এই র্যালি ও পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদারীপুর জেলাকে ডেঙ্গুমুক্ত রাখতে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, সচেতনতামূলক কার্যক্রম ও জনসম্পৃক্ত উদ্যোগ অব্যাহত রাখতে হবে। ডেঙ্গু যাতে কোনোভাবেই বিস্তার লাভ করতে না পারে, সেদিকে আমাদের সবাইকে সমানভাবে নজর দিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তার। তিনি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি নিজেদের বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার ওপর বিশেষ জোর দিয়ে বলেন, “কোথাও যেন পরিষ্কার পানিতে মশার লার্ভা জন্ম নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সার্বক্ষণিক সচেতন থাকতে হবে।” ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি তিনি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জুয়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা), ওয়াদিয়া শাবাব, মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, মিজানুর রহমান মুরাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং এ্যাড. মাসুদ পারভেজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক।
এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিকবৃন্দ, রেস্টুরেন্ট মালিক সমিতি এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা এই পরিচ্ছন্নতা অভিযানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
এএন