ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০৬ জুন, ২০২৬

পুনর্ভবা নদীতে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে বোয়ালের পোনা

ইসমাইল হোসেন, পোরশা (নওগাঁ)

ইসমাইল হোসেন, পোরশা (নওগাঁ)

জুন ৬, ২০২৬, ০৪:০৮ পিএম

পুনর্ভবা নদীতে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে বোয়ালের পোনা

নওগাঁ জেলার পোরশায় অবস্থিত ঐতিহ্যবাহী নিতপুরের পশ্চিমে পুনর্ভবা নদীতে হঠাৎ করেই বোয়ালসহ বিভিন্ন মাছের পোনা ধরার ধুম পড়েছে। নদীতে ঝাঁকে ঝাঁকে ধরা হচ্ছে ছোট সাইজের বোয়াল। আর এসব মাছ স্থানীয় হাট-বাজার সয়লাব করে ফেলেছে। বিশেষ করে বোয়ালের পোনা মাছ দেখা যাচ্ছে পোরশা উপজেলার বাজারগুলোতে।

স্থানীয় সূত্র জানায়, বর্ষার নতুন পানি উজান থেকে নেমে আসায় পুনর্ভবা নদীতে বোয়ালসহ বিভিন্ন মাছের রেণু ও পোনা ছাড়ার প্রক্রিয়া শুরু হয়। কিন্তু এক শ্রেণির অসাধু ও সৌখিন মৎস্যজীবী সামান্য লাভের আশায় রিংজাল, নেট জাল ও মশারি জাল ব্যবহার করে নদী থেকে অবাধে এসব মাছের বাচ্চা ধরছে।

সরেজমিনে নিতপুর, কাপালীর মোড়, সারাইগাছীর মোড় ও পোরশার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ছোট ছোট বোয়াল মাছের স্তূপ নিয়ে বসে আছেন বিক্রেতারা। আকারভেদে প্রতি কেজি বোয়ালের বাচ্চা বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২০০ টাকা কেজি দরে। সস্তা এবং সুস্বাদু হওয়ায় সাধারণ ক্রেতারাও হুমড়ি খেয়ে পড়ছেন এই মাছ কিনতে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় ক্রেতা বলেন, “বাজারে এত ছোট বোয়াল মাছ সাধারণত দেখা যায় না। শুনলাম এবার পুনর্ভবা নদীতে প্রচুর বোয়ালের বাচ্চা ধরা পড়ছে। দামও হাতের নাগালে, তাই ১ কেজি কিনলাম।”

তবে পরিবেশবাদী ও সচেতন মহলের মতে, এভাবে নির্বিচারে বোয়াল মাছের পোনা নিধন করা হলে ভবিষ্যতে পুনর্ভবা নদী থেকে বড় বোয়াল মাছ হারিয়ে যাবে। জীববৈচিত্র্য ও দেশীয় মাছের বংশবৃদ্ধির স্বার্থে এখনই এই পোনা মাছ ধরা বন্ধ করা উচিত।

এ বিষয়ে উপজেলা মৎস্য অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, নদীতে অবৈধ জাল ব্যবহার করে পোনা মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। পুনর্ভবা নদীর মৎস্যসম্পদ রক্ষায় দ্রুতই অভিযান পরিচালনা করা হবে এবং পোরশার বাজারগুলোতে যেন এসব পোনা মাছ বিক্রি না হতে পারে, সে ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

এএন

Link copied!