ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
জুন ৬, ২০২৬, ০৫:৪৬ পিএম
ময়মনসিংহের ভালুকায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে মো. মুনসুর আলী ওরফে ফালান মিয়া (৮০) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে। তবে অভিযুক্ত ফালান মিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় মডেল থানা পুলিশ তাকে কড়া নজরদারিতে রেখেছে।
শুক্রবার এ ঘটনায় অভিযুক্ত বৃদ্ধের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের মাধুরভিটা এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত ফালান মিয়া উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন জামিরদিয়া এলাকার মৃত হযরত আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাধুরভিটা এলাকায় সাত বছর বয়সী ওই শিশুকে ধর্ষণের ঘটনা ঘটলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ভালুকা মডেল থানায় একটি ধর্ষণ মামলা রুজু করা হয়েছে (যার নং-৫, তারিখ ৫ জুন)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ জুন দুপুর আনুমানিক দুইটার সময় শিশুকে শ্যাম্পু কেনার জন্য স্থানীয় মাধুরভিটা মোড়ের একটি দোকানে পাঠানো হয়। বিকেল সাড়ে তিনটার দিকে শিশুটি বাসায় ফিরে জানায় যে, শ্যাম্পু না কিনে সে টাকা হারিয়ে ফেলেছে এবং এরপর সে বাড়ির বাইরে খেলতে চলে যায়। ঘটনার পরদিন (২ জুন) দুপুরে শিশুটি বাসায় ফিরলে তার মা তাকে দুপুরের খাবার খেতে বলেন। তখন শিশুটি স্বাভাবিকভাবে না বসে মাটিতে পা মেলিয়া বসে পড়ে। মেয়ের এমন আচরণে মায়ের সন্দেহ হলে তিনি তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করেন।
ভুক্তভোগী শিশুর মা জানান, উপজেলার হবিরবাড়ী মাধুরভিটা এলাকায় পরিবারসহ দীর্ঘদিন যাবৎ ভাড়া বাসায় বসবাস করছেন। অভিযুক্ত ফালান মিয়া তার সাত বছর বয়সী শিশু মেয়েকে গত ১ জুন দুপুরে তাদের ভাড়া বাসার কিছু দূরে ফাঁকা জায়গায় একটি পরিত্যক্ত মাটির ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। তিনি ধর্ষকের শাস্তি দাবি করেন।
তবে অভিযুক্তের পরিবারের লোকজন ও স্থানীয় সোহাগ রানা ও রায়হান জানান, বৃদ্ধ ফালান মিয়ার সঙ্গে তারা কথা বলেছেন, ফালান মিয়া নিজেকে এই ঘটনার সাথে জড়িত নয় এবং তাকে ফাঁসানো হচ্ছে বলে জানিয়েছেন। এদিকে স্থানীয় লোকজন প্রকৃত ঘটনার উন্মোচনের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহিদুল ইসলাম জানান, অভিযুক্ত বৃদ্ধ ফালান মিয়া অসুস্থ থাকায় তার পরিবার তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখেছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাকে কড়া নজরদারিতে রাখা হয়েছে এবং শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এএন