টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
জুন ৭, ২০২৬, ১০:৫৪ এএম
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে নির্মাণ শ্রমিক লীগের নেতা মাহাবুব আলী শেখকে গ্রেপ্তার করেছে টুঙ্গিপাড়া থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার শ্রীরামকান্দি মহিলা মাদ্রাসার সামনে থেকে মাহাবুব আলী শেখকে আটক করা হয়। তিনি টুঙ্গিপাড়া উপজেলা নির্মাণ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশের দাবি, টুঙ্গিপাড়া থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনসংক্রান্ত একটি মামলায় তিনি সন্দেহভাজন আসামি ছিলেন। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলীর নির্দেশনায় এসআই (উপ-পরিদর্শক) মোসলেমের নেতৃত্বে একটি পুলিশি অভিযান দল তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর বিকেল প্রায় ৪টার দিকে তাকে গোপালগঞ্জ আদালতে সোপর্দ করা হয়। পরে আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
টুঙ্গিপাড়া থানার মামলা নং-২, তারিখ ৩ ফেব্রুয়ারি ২০২৫, সন্ত্রাসবিরোধী আইনে রুজুকৃত মামলার প্রেক্ষিতে এ গ্রেপ্তার অভিযান পরিচালিত হয় বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল জানান, “সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মাহাবুব আলী শেখ আমাদের সন্দেহভাজন আসামি ছিলেন। তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”
তবে এ বিষয়ে মাহাবুব আলী শেখ, তাঁর পরিবারের সদস্য বা আইনজীবীর কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
এএন