মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
জুন ৭, ২০২৬, ১২:৩৮ পিএম
ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় রেশমা বেগম (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মায়ের লাশ দেখতে যাওয়ার পথে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তিনি।
রোববার সকাল আনুমানিক ৬টা ১০ মিনিটে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী পৌরসভার গোন্দারদিয়া এলাকায় মালেকা চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-গ ২৫-০৯৬২ নম্বরের একটি প্রাইভেটকার ফরিদপুর থেকে মাগুরার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে গোন্দারদিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশে অবস্থিত মালেকা চক্ষু হাসপাতালের গেটের বাউন্ডারি দেয়ালে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িতে থাকা রেশমা বেগম গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে মধুখালী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত রেশমা বেগমকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রেশমা বেগম সাতক্ষীরা জেলার দেবহাটা থানার কোমরপুর গ্রামের আব্দুর সাত্তার গাজীর স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে, তার মায়ের মৃত্যু হওয়ায় শেষবারের মতো মরদেহ দেখতে পরিবারের সদস্যদের সঙ্গে রওনা হয়েছিলেন তিনি। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই সড়ক দুর্ঘটনায় তারও মৃত্যু হয়।
খবর পেয়ে করিমপুর হাইওয়ে থানার এসআই সাজ্জাদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি উদ্ধার করে থানার হেফাজতে নেন। পরে তিনি হাসপাতাল মর্গে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
পুলিশ জানিয়েছে, মরদেহ বর্তমানে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এএন