ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৭ জুন, ২০২৬

মাটিরাঙ্গায় সড়কের মুখে ময়লার ভাগাড়, পৌরবাসীর ভোগান্তি

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

জুন ৭, ২০২৬, ০৪:২৫ পিএম

মাটিরাঙ্গায় সড়কের মুখে ময়লার ভাগাড়, পৌরবাসীর ভোগান্তি

খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌর এলাকায় প্রধান সড়কের মুখেই গড়ে উঠেছে পৌরসভার ময়লা-আবর্জনার ভাগাড়। যত্রতত্র ফেলে রাখা বর্জ্যের তীব্র দুর্গন্ধে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দা, পথচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে চলা এই জনদুর্ভোগের কারণে ক্ষোভ জমছে পৌরবাসীর মনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাটিরাঙ্গা পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক সবজি গলির মুখে প্রধান সড়কের পাশে প্রতিদিনের বাজারের পচা আবর্জনা ও বিভিন্ন বর্জ্য এনে ফেলা হচ্ছে। নির্দিষ্ট ও আধুনিক ডাম্পিং স্টেশন না থাকায় সড়কের একেবারেই কোল ঘেঁষে এই ময়লার স্তূপ গড়ে উঠেছে।

সরেজমিনে দেখা যায়, সড়কের একটি বড় অংশ দখল করে আছে ময়লা-আবর্জনার বিশাল স্তূপ। আবর্জনা পচে চারদিকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। বাতাসে সেই দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে চারপাশে, দোকানপাট ও শিক্ষা প্রতিষ্ঠানে। নাক-মুখ চেপে এই রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে বৃষ্টি হলে এই ভোগান্তি আরও কয়েক গুণ বেড়ে যায়; ময়লা-আবর্জনা ধুয়ে রাস্তার ওপর চলে আসে এবং চারপাশ নোংরা পানিতে সয়লাব হয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “নিয়মিত ট্যাক্স দেওয়ার পরও আমাদের ন্যূনতম নাগরিক সুবিধা নিশ্চিত হচ্ছে না। দুর্গন্ধের কারণে ঘরের দরজা-জানালা খোলার উপায় থাকে না। শিশুরা প্রায়ই শ্বাসকষ্টসহ বিভিন্ন সংক্রামক রোগে আক্রান্ত হচ্ছে।”

ভুক্তভোগী পথচারী ও শিক্ষার্থীদের অভিযোগ, এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করে। ময়লার এই ভাগাড়ের কারণে পুরো এলাকাটি এখন স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। দ্রুত এই ময়লা রাখার ডাম্পিং স্থানটি প্রধান সড়কের মুখ থেকে দূরে কোথাও সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় চিকিৎসকেরা জানান, যত্রতত্র এভাবে ময়লা ফেলার কারণে বায়ু ও পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। এই পচা বর্জ্য থেকে ছড়ানো জীবাণুর কারণে ডায়রিয়া, চর্মরোগ ও শ্বাসকষ্টজনিত নানা জটিল রোগ ছড়ানোর আশঙ্কা রয়েছে। দ্রুত এর একটি স্থায়ী সমাধান হওয়া জরুরি।

সার্বিক বিষয়ে যোগাযোগ করা হলে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও পৌর প্রশাসক প্রতীতি পিয়া বলেন, “পৌরবাসীর এই দুর্ভোগের বিষয়টি আমাদের নজরে এসেছে। জনস্বাস্থ্যের ঝুঁকি ও পরিবেশ দূষণের বিষয়টি বিবেচনা করে দ্রুততম সময়ের মধ্যে এই স্থানে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। পাশাপাশি পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার জন্য একটি স্থায়ী ডাম্পিং স্টেশন নির্মাণের পরিকল্পনাও আমাদের রয়েছে।”

এএন

Link copied!