নিজস্ব প্রতিবেদক
জুন ৭, ২০২৬, ০৬:১১ পিএম
ফায়ার সার্ভিস সদস্যদের স্বচ্ছতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।
রোববার সকাল ১০টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আয়োজিত দরবার অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। দরবারে পরিচালকগণ, প্রকল্প পরিচালকসহ ঢাকায় কর্মরত সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা সরাসরি উপস্থিত ছিলেন। এছাড়া বিভাগীয় উপপরিচালক, জেলা কর্মকর্তা এবং ফায়ার স্টেশনের কর্মকর্তারা নিজ নিজ কর্মস্থল থেকে অনলাইনে যুক্ত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি মহাপরিচালক মহোদয়কে দরবারে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। পরে ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
মহাপরিচালক বলেন, চাকরির শৃঙ্খলা বজায় রেখে স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে এবং প্রতিষ্ঠানের সম্মান রক্ষা করতে হবে। তিনি আসন্ন নিয়োগ কার্যক্রমকে গত বছরের মতো স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন, নিয়োগ সংক্রান্ত কোনো অনৈতিক কর্মকাণ্ডে বাহিনীর কোনো সদস্য জড়িত থাকলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বদলি প্রক্রিয়ায় যে স্বচ্ছতা প্রতিষ্ঠা করা হয়েছে, তা বজায় রাখার আহ্বান জানান তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণের নির্দেশনা দিয়ে মহাপরিচালক বলেন, বাহিনীর সুনাম ক্ষুণ্ণ হয় এমন কোনো কর্মকাণ্ডে জড়িত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে তিনি বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রমও তুলে ধরেন এবং উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের মতামত ও প্রশ্নের উত্তর দেন। দুপুর ১২টায় দরবারের সমাপ্তি ঘোষণা করা হয়।
এএন