গাজী জাহাঙ্গীর আলম জাবির, কুমিল্লা
জুন ২৮, ২০২৬, ০৮:৪০ পিএম
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রোজী আক্তারকে কুমিল্লার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে তিনি কুমিল্লা জেলার ইতিহাসে প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পাচ্ছেন।
রোববার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় বদলি ও পদায়নসংক্রান্ত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের আদেশ জারি করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী রোজী আক্তারের এ পদায়নের সিদ্ধান্ত কার্যকর হয়েছে। নতুন দায়িত্বে যোগদানের পর তিনি কুমিল্লা জেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবেন।
রোজী আক্তারের নিয়োগের মাধ্যমে কুমিল্লা জেলা প্রথমবারের মতো একজন নারী জেলা প্রশাসক পেল। বিষয়টি নিয়ে প্রশাসনিক অঙ্গনসহ বিভিন্ন মহলে ইতোমধ্যে ইতিবাচক আলোচনা শুরু হয়েছে।
এদিকে, কুমিল্লার বিদায়ী জেলা প্রশাসক মো. রেজা হাসানকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর নতুন কর্মস্থলের জন্য বিভিন্ন মহল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।
এম জি