ঝালকাঠি প্রতিনিধি
জুন ২৮, ২০২৬, ০৯:৩৩ পিএম
মানবিক সেবার অংশ হিসেবে ঝালকাঠির স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ অ্যাকশন সোসাইটির (ইয়াস) অঙ্গসংগঠনের ‘ইয়াস ব্লাড ব্যাংক’ উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার ঝালকাঠি পৌরসভা প্রাঙ্গণে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি পৌর প্রশাসক মো. কাওছার হোসেন। তিনি শিশুদের অভিভাবক ও সাধারণ মানুষের জন্য আয়োজিত বিনামূল্যের রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় দুস্থ ও অসহায় রোগীদের চিকিৎসাসেবার জন্য ঝালকাঠি পৌরসভার পক্ষ থেকে ইয়াস ব্লাড ব্যাংককে শতাধিক ব্লাড ব্যাগ প্রদান করা হয়। পৌর প্রশাসক মো. কাওছার হোসেন ইয়ুথ অ্যাকশন সোসাইটির সভাপতি আবির হোসেন রানা এবং ইয়াস ব্লাড ব্যাংকের আহ্বায়ক মাহাদি ইসলাম আকাশের হাতে এসব ব্লাড ব্যাগ তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. কাওছার হোসেন বলেন, রক্তদাতাদের কাছ থেকে বিনামূল্যে রক্ত পাওয়া গেলেও অনেক অসহায় রোগী ও তাদের স্বজনদের ব্লাড ব্যাগ সংগ্রহ করতে সমস্যায় পড়তে হয়। বিষয়টি বিবেচনায় নিয়েই পৌরসভার পক্ষ থেকে শতাধিক ব্লাড ব্যাগ দেওয়া হয়েছে। এসব ব্যাগ দুস্থ রোগীদের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ইয়ুথ অ্যাকশন সোসাইটির সভাপতি আবির হোসেন রানা বলেন, মানবতার সেবায় সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ব্লাড ব্যাগের অভাবে যেন কোনো অসহায় রোগী চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ইয়াস ব্লাড ব্যাংকের আহ্বায়ক মাহাদি ইসলাম আকাশ বলেন, নিরাপদ রক্তসেবা নিশ্চিত করতে এবং অসহায় রোগীদের বিনামূল্যে ব্লাড ব্যাগ সরবরাহের মাধ্যমে মানবিক সহায়তা অব্যাহত রাখতে তাদের কার্যক্রম চলবে।
এম জি