নিজস্ব প্রতিবেদক
জুন ২৫, ২০২৬, ০৭:৫২ পিএম
বিদ্যুতের নতুন মূল্যহার কার্যকর হওয়ার পর প্রিপেইড মিটার ব্যবহারকারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে বিদ্যুৎ বিভাগ।
বৃহস্পতিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুন মাসের শুরু থেকে বিদ্যুতের সংশোধিত মূল্যহার কার্যকর হয়েছে। এ কারণে প্রিপেইড মিটারের গ্রাহকদের মিটার হালনাগাদ (আপডেট) করার প্রয়োজন হবে।
এ লক্ষ্যে গ্রাহকদের অন্তত ২০০ বা তার বেশি ইউনিট (ডিজিট) সম্বলিত টোকেন ব্যবহার করে মিটার আপডেট করার পরামর্শ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিটার আপডেটের জন্য গ্রাহকরা নিজ নিজ বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা অনুসরণ করতে পারবেন।
মিটার হালনাগাদ সংক্রান্ত কোনো জটিলতা বা সহায়তার প্রয়োজন হলে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানের হটলাইনে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
এ ছাড়া কেন্দ্রীয় বিদ্যুৎ সেবা নম্বর ১৬৯৯৯-এ কল করেও প্রয়োজনীয় তথ্য ও সহায়তা পাওয়া যাবে বলে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)-এর কল সেন্টার নম্বর ১৬২০০, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ১৬৮৯৯, ডিপিডিসির ১৬১১৬, ডেসকোর ১৬১২০, নেসকোর ১৬৬০৩ এবং ওজোপাডিকোর ১৬১১৭ নম্বরে যোগাযোগ করেও গ্রাহকরা প্রয়োজনীয় সহায়তা নিতে পারবেন।
বিদ্যুৎ বিভাগ বলছে, নতুন মূল্যহার সঠিকভাবে কার্যকর করতে এবং প্রিপেইড মিটারের তথ্য হালনাগাদ নিশ্চিত করতে গ্রাহকদের দ্রুত মিটার আপডেট সম্পন্ন করা প্রয়োজন।
এএন