রাকিবুল হাসান, রাজশাহী
জুলাই ১৯, ২০২৬, ০৪:২৯ পিএম
হিটওয়েভ সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে আয়োজিত লুডু ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান রিটন।
শনিবার (১৮ জুলাই) দুপুরে নগরীর হামিদপুর নওদাপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে এবং রেস (রেসিলিয়েন্স অ্যান্ড অ্যাডাপটেশন টু ক্লাইমেট এক্সট্রিমস) প্রকল্পের আওতায় ‘হিট অ্যাকশন ডে-২০২৬’ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে মো. মাহফুজুর রহমান রিটন বলেন, তীব্র তাপদাহ মোকাবিলায় সবাইকে সচেতন থাকতে হবে। পর্যাপ্ত নিরাপদ পানি পান করতে হবে, অস্বাস্থ্যকর পানীয় এড়িয়ে চলতে হবে এবং প্রয়োজন ছাড়া ভরদুপুরে বাইরে যাওয়া থেকে বিরত থাকতে হবে। বাইরে বের হলে ছাতা বা টুপি ব্যবহার, হালকা রঙের সুতির ঢিলেঢালা পোশাক পরিধান এবং ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নেওয়ার মতো স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, হিটওয়েভ বিষয়ে যে জ্ঞান ও প্রশিক্ষণ তারা পেয়েছে, তা পরিবার, বন্ধু ও সমাজের অন্যদের মাঝেও ছড়িয়ে দিতে হবে।
এ সময় তিনি আরও বলেন, রাজশাহীকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরীতে পরিণত করতে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এ লক্ষ্যে সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে হিটওয়েভবিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাপ-লুডু খেলার আয়োজন করা হয়। পাশাপাশি প্রাথমিক চিকিৎসাবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয় এবং সচেতনতামূলক বার্তাসংবলিত হাতপাখা বিতরণ করা হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে হামিদপুর নওদাপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়কে একটি ফার্স্ট এইড বক্সও উপহার দেওয়া হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু, সাধারণ সম্পাদক ডা. মো. শামীম হোসেন চৌধুরী, ইউনিট লেভেল অফিসার মির্জা শামীম আহসান, ফিল্ড অফিসার কান্তা রেজাসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
এম জি