আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ
জুলাই ২১, ২০২৬, ০১:৩৬ পিএম
ময়মনসিংহ সদর উপজেলার নও মহল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। মঙ্গলবার সকালে তিনি বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।
বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে জেলা প্রশাসক শিক্ষকদের পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন এবং তাদের লেখাপড়ায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। খোলামেলা আলোচনায় তিনি নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকা, শৃঙ্খলা মেনে চলা এবং ভবিষ্যতে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার গুরুত্ব তুলে ধরেন।
শিক্ষার্থীদের উৎসাহিত করতে জেলা প্রশাসক তাদের হাতে চকলেট তুলে দেন। তাঁর এ আন্তরিকতায় শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়। শিক্ষক ও অভিভাবকরাও এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে অভিহিত করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন্নাহার, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, জেলা প্রশাসকের স্টাফ অফিসারসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। এ সময় তিনি পরিবেশ রক্ষা ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের বেশি বেশি গাছ লাগানো এবং পরিচর্যা করার আহ্বান জানান।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, জেলা প্রশাসকের এ পরিদর্শন শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে এবং শিক্ষার মানোন্নয়নে আরও উৎসাহ জোগাবে।
এএন