কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
জুলাই ২১, ২০২৬, ০২:৩২ পিএম
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকার জমিদার হোটেলে ডাকাতির চেষ্টাকালে জনতার সহযোগিতায় সামিউল হোসেন সৌরভ (৩০) নামে একজনকে আটক করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল ও একটি চাপাতি জব্দ করা হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে প্রায় ১০ জনের একটি দল ৫টি মোটরসাইকেলে এসে হোটেলে হামলা চালিয়ে লুটপাটের চেষ্টা করে।
হোটেলের লোকজনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়। তবে সামিউল হোসেন সৌরভকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে গ্রেফতার করে। তার কাছ থেকে দুটি মোটরসাইকেল ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক অন্যদের গ্রেফতারে অভিযান চলছে। পাশাপাশি এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।
জেএইচআর