মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
জুলাই ২১, ২০২৬, ০২:৩৫ পিএম
গোপালগঞ্জের মুকসুদপুরে একটি পরিত্যক্ত পুকুর থেকে রিয়ান মোল্লা (১৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার ভোর রাত তিনটার দিকে মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামের জনৈক আওলাদ মোল্লার পরিত্যক্ত পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিশু রিয়ান মুকসুদপুর উপজেলার কমলাপুর মধ্যপাড়া গ্রামের রিপন মোল্লার ছেলে।
আটককৃতরা হলেন- একই গ্রামের দুলাল মোল্লার ছেলে আরিফ মিয়া (২০) ও রবিউল শেখের ছেলে মুরছালিন শেখ (১৬)।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, "গত রোববার (১৯ জুলাই) রিয়ান তার দুই বন্ধু আরিফ ও মুরছালিনকে নিয়ে জনৈক আওলাদ মোল্লার বাগান থেকে ডাব পাড়তে যায়। পরে রিয়ান গাছে উঠে ডাব পাড়তে গেলে গাছ থেকে পরিত্যক্ত পুকুরে পড়ে যায়। এ সময় দুই বন্ধু পুকুরে খোঁজাখুঁজি করে রিয়ানকে না পেয়ে বাড়ি ফিরে গেলেও কাউকে কিছু জানায়নি।"
পুলিশ জানায়, রিয়ান বাড়ি না ফেরায় পরিবারের সদস্যদের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে আরিফ ও মুরছালিনকে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন তারা ডাব চুরি ও পুকুরে পড়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে।
এরপর মঙ্গলবার ভোর রাতে ওই পরিত্যক্ত পুকুর থেকে রিয়ানের মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ওসি আরও জানান, এ ঘটনায় স্থানীয়রা আরিফ মিয়া ও মুরছালিন শেখকে আটক করে পুলিশে সোপর্দ করে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে এবং এই বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জেএইচআর