রাকিবুল হাসান, রাজশাহী
জুলাই ২৫, ২০২৬, ০৬:৩১ পিএম
দৈনিক উত্তরা প্রতিদিনের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিনিধি সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) দুপুরে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার অতিথি, সংবাদকর্মী ও পত্রিকার প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। তিনি বলেন, দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমুখী সাংবাদিকতাই সময়ের দাবি। গণমাধ্যম সমাজের আয়না হিসেবে উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক উত্তরা প্রতিদিনের প্রকাশক খন্দকার আউলিয়া রাজিব ওয়াহিদ। তিনি পত্রিকাটির প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান পর্যন্ত পথচলা, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। একই সঙ্গে পত্রিকার অগ্রযাত্রায় দেশজুড়ে কর্মরত প্রতিনিধি ও সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত অতিথিরা দৈনিক উত্তরা প্রতিদিনের উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি দেশের সাংবাদিকতায় পেশাদারিত্ব, সত্যনিষ্ঠা ও নৈতিকতা আরও সুসংহত করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রতিনিধি সম্মেলনে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত প্রতিনিধিদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সংবাদ পরিবেশনের মানোন্নয়ন এবং পাঠকসেবাকে আরও সমৃদ্ধ করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, স্মারক সম্মাননা প্রদান এবং শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এম জি