ঢাবি প্রতিনিধি
মে ১৬, ২০২৪, ০৯:২০ পিএম
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে (টিএসসি) অনুষ্ঠিত হয়েছে। ঢাবির অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সভাকে কেন্দ্র করে দেশবরেণ্য ব্যক্তিবর্গের পদচারণায় মুখরিত ছিল টিএসসি প্রাঙ্গণ।
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এবং বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার -উল -আলম চৌধুরীর (পারভেজ) সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পৃষ্ঠপোষক এবং বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ডক্টর সীতেশ চন্দ্র বাছার।
এ সময় অ্যালামনাই হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্মকমিশনের পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, ঢাকা-১০ আসনের সংসদ সদস্য এবং চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওছার, বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মো. মাহবুব হোসেন, অ্যাসোসিয়েশনের প্রচার এবং যোগাযোগ সম্পাদক হাজী মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
দীর্ঘদিন পর সহপাঠী, বন্ধু এবং সহযোদ্ধাদের কাছে পেয়ে সাবেক ঢাবিয়ানেরা পরস্পরকে জড়িয়ে ধরেন এবং কুশল বিনিময় করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী (পারভেজ) সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে এবং কিছু কর্মসূচি পালন করেছে। ইতোমধ্যেই শতবর্ষের গবেষণা ফান্ডে ২৫ লাখ টাকা দান করেছে এবং ২টি বাস উপহার দিয়েছে বিশ্ববিদ্যালয়কে।
সভায় বিগত বছরের কাজের বিবরণ দেয়া হয় এবং আর্থিক হিসাব প্রকাশ করা হয়।
ইএইচ