যবিপ্রবি প্রতিনিধি
এপ্রিল ২৫, ২০২৬, ০৪:৪৯ পিএম
পেশাগত দায়িত্ব পালনকালে রাজধানীর শাহবাগ থানার অভ্যন্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) কর্মরত সাংবাদিকবৃন্দ। এ সময় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবি জানান তারা।
শনিবার দুপুর দুইটায় যবিপ্রবির প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এনপিবি নিউজের প্রতিনিধি ও যবিপ্রবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শেখ সাদী ভূঁইয়ার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন যবিপ্রবিসাস সভাপতি ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি রুহুল আমিন, সাবেক সাধারণ সম্পাদক এটিএম মাহফুজ, তানভীর খন্দকার, ইমরান হোসেন, রকিবুল হাসান তারেক, ইমদাদুল ইসলাম ও রোকাইয়া।
মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীনতা পূর্ব ও পরবর্তী সময়ে দেশ-জাতির কল্যাণে গণমাধ্যম সব সময় স্বাধীনভাবে কাজ করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। অথচ সম্প্রতি ক্ষমতাসীন ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের ওপর যে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে, তা স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি। সাংবাদিকদের ওপর এমন আক্রমণ অমানবিক ও নিন্দনীয়।
যবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি রুহুল আমিন বলেন, গত বৃহস্পতিবার শাহবাগ থানায় পেশাগত দায়িত্ব পালনকালে ঢাবির সাংবাদিক সহকর্মীরা বর্বরোচিত হামলার শিকার হয়েছেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর এমন হামলা মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। অবিলম্বে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে উপস্থিত সাংবাদিকরা দ্রুত ঘটনার পূর্ণ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান। একইসঙ্গে ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি জোর আহ্বান জানানো হয়। কর্মসূচিতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত যবিপ্রবির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
জেএইচআর