ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঢাবির সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কুবিসাসের মানববন্ধন

কুবি প্রতিনিধি

কুবি প্রতিনিধি

এপ্রিল ২৫, ২০২৬, ০৮:১৬ পিএম

ঢাবির সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কুবিসাসের মানববন্ধন

পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের ওপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)।

শনিবার বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ আবদুল কাইয়ুম চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কুবিসাসের সদস্য, সহযোগী সদস্য এবং জাতীয় ও স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক চৌধুরী মাসাবির সঞ্চালনায় বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা কেবল একটি পেশাজীবী গোষ্ঠীর ওপর আঘাত নয়; এটি স্বাধীন গণমাধ্যম, মতপ্রকাশের অধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সরাসরি হুমকি। তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

দৈনিক নয়াদিগন্তের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মানছুর আলম অন্তর বলেন, “গত ২৩শে এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যবৃন্দের ওপর যে হামলা চালানো হয়েছে, তা একটি কাঠামোগত সহিংসতা। যার জন্য রাষ্ট্র নিজে দায়ী। এসব হামলার শুরুতে ক্ষমতাসীন দলের ছাত্র নেতারা প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি ধামকির মাধ্যমে এক ধরনের সম্মতি উৎপাদন করে। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর নিরবতা এসব হামলাকে বৈধতা দান করে। তাই আমরা বর্তমান গণতান্ত্রিক সরকারের কাছে দাবি জানাই, তারা যেন ঢাবিসাস ও কুমিল্লা পলিটেকনিক সহ বিভিন্ন সময়ে হামলার শিকার হওয়া সাংবাদিকদের পাশে দাঁড়ায় এবং অন্যায়কারীদের শাস্তি প্রদান করে।”

মানববন্ধনে কুবিসাসের সভাপতি ও দৈনিক কালবেলার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবু শামা বলেন, “সাংবাদিকরা কোনো দলের নয়। তারা কাজ করে দেশ ও দশের জন্য।  তারা যদি আক্রান্ত হয়, তাহলে মানবাধিকার হুমকির মুখে পড়বে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাধীন সাংবাদিকতা চর্চা বাধাগ্রস্ত হবে। আমরা জোরালোভাবে দাবি জানাচ্ছি, সাংবাদিকদের ওপর সব ধরনের সহিংসতা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, সে বিষয়ে প্রশাসনকে কঠোর অবস্থান নিতে হবে। এছাড়া, যারা হামলার সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায়, আমরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।”

এএন

Link copied!