আন্তর্জাতিক ডেস্ক
নভেম্বর ২৮, ২০২৫, ০২:০২ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তিনি ‘তৃতীয় বিশ্বের দেশ’ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন সম্পূর্ণভাবে স্থগিত করার পরিকল্পনা করছেন। তবে কোন কোন দেশকে তিনি এ শ্রেণিতে ফেলেছেন, তা স্পষ্ট করে বলেননি। ওয়াশিংটনে এক আফগান নাগরিকের গুলিতে দুই ন্যাশনাল গার্ড সেনা আহত হওয়ার ঘটনার পরদিনই বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এই ঘোষণা আসলো।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, “যুক্তরাষ্ট্রের ব্যবস্থা পুরোপুরি স্থিতিশীল করতে আমি তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করব।”
এ ঘোষণার সঙ্গে তিনি আরও হুঁশিয়ারি দেন, তার পূর্বসূরি জো বাইডেনের সময়ে দেওয়া ‘লাখ লাখ’ অভিবাসনের অনুমোদন বাতিল করা হবে। ট্রাম্পের ভাষায়—“যারা আমেরিকার সম্পদ নয়, তাদের দেশ থেকে বের করে দেওয়া হবে।”
এর আগে ট্রাম্প প্রশাসন জানিয়েছিল, ঝুঁকিপূর্ণ বা উদ্বেগের তালিকায় থাকা ১৯টি দেশের নাগরিকদের গ্রিনকার্ড নতুন করে কঠোরভাবে পর্যালোচনা করা হবে।
মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস)-এর প্রধান জোসেফ এডলো জানান, প্রেসিডেন্ট ওই দেশগুলোর প্রতিটি আবেদনকারীর গ্রিনকার্ড বিস্তারিতভাবে যাচাই করার নির্দেশ দিয়েছেন।
ট্রাম্পের এ ঘোষণায় আন্তর্জাতিক অঙ্গনে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। যদিও তিনি এখনো পরিষ্কার করেননি ‘তৃতীয় বিশ্বের দেশ’ বলতে তিনি ঠিক কোন দেশগুলোকেই বোঝাচ্ছেন।
ইএইচ