নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৩, ২০২৫, ১০:০২ পিএম
ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার দিল্লির কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে গত ১৭ ডিসেম্বরও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব (বিএম) বি শ্যাম হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছিলেন।
উল্লেখ্য, আজ সকালেই ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেছিলেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। ভারতের নয়াদিল্লি ও কলকাতাসহ বিভিন্ন স্থানে বাংলাদেশের কূটনৈতিক মিশনে উগ্রবাদী হামলার চেষ্টা ও উদ্ভূত পরিস্থিতির প্রতিবাদ জানাতে প্রণয় ভার্মাকে তলব করা হয়। এ সময় বাংলাদেশ মিশনগুলোতে নিরাপত্তা জোরদার করার দাবি জানায় ঢাকা।
গত ১০ দিনের মধ্যে এই নিয়ে প্রণয় ভার্মাকে দ্বিতীয়বার এবং অন্তর্বর্তী সরকারের আমলে অন্তত ছয়বার তলব করা হলো। এর কয়েক ঘণ্টার মাথায় দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকেও তলব করল ভারত। দুই দেশের কূটনৈতিক মিশনের নিরাপত্তা ও সাম্প্রতিক উত্তেজনাকে কেন্দ্র করে এই পাল্টাপাল্টি তলবের ঘটনা রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
ইএইচ