আমার সংবাদ ডেস্ক
ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৬:৩৮ পিএম
বর্তমান সরকারের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে নবনিযুক্ত দুই প্রতিমন্ত্রীর মধ্যে দপ্তর বণ্টন করা হয়েছে।
বুধবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে জারি করা এক আনুষ্ঠানিক প্রজ্ঞাপনে এই দায়িত্ব বণ্টনের বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, নবনিযুক্ত প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে। সরকারের অবকাঠামোগত উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে সংশ্লিষ্টরা জানান।
অন্যদিকে, প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানকে নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। নৌপথের উন্নয়ন ও বৃহৎ সেতু প্রকল্পগুলোর তদারকিতে তিনি তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী নিজে ছাড়াও ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী এখন দায়িত্ব পালন করছেন। নতুন এই দপ্তর বণ্টনের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কাজে আরও গতি আসবে বলে আশা করা হচ্ছে।
জেএইচআর