ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

বঙ্গোপসাগরের লঘুচাপ, টানা ৫ দিন বৃষ্টির আভাস

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ২৬, ২০২৬, ০৮:২৩ এএম

বঙ্গোপসাগরের লঘুচাপ, টানা ৫ দিন বৃষ্টির আভাস

পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সাগর উত্তাল থাকার আশঙ্কায় দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, লঘুচাপের প্রভাবে মৌসুমি বায়ু আরও সক্রিয় হয়েছে। ফলে দক্ষিণাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া পূর্বাভাস অনুযায়ী খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।

রোববারও খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং দেশের অন্য বিভাগগুলোর অনেক স্থানে একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। এদিন দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

সোমবার ও মঙ্গলবার দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এতে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও কিছুটা কমতে পারে।

বুধবারও বৃষ্টির এই ধারা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের অনেক স্থানে বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে হাতিয়ায়। এছাড়া রামগতি ও কয়রায় ১২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। একই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নারায়ণগঞ্জে ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূল এলাকায় অবস্থানরত লঘুচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চল ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই সমুদ্রে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

এএন

Link copied!