ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
শামসুজ্জামান দুদু

ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ১০, ২০২৫, ০৩:০৩ পিএম

ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে

আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হলে দেশে ভয়ংকর রাজনৈতিক পরিস্থিতি তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, দেশবিরোধী শক্তি ও পার্শ্ববর্তী দেশের এক প্রভাবশালী গোষ্ঠী বর্তমানে ষড়যন্ত্রে লিপ্ত, যেখানে শেখ হাসিনা স্বৈরাচারী আশ্রয় নিচ্ছেন।

শুক্রবার ঢাকার রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ধর্ম, নীতি-নৈতিকতা, মূল্যবোধ ও দেশপ্রেমের চেয়ে ক্ষমতা বড় না হোক’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, “বাংলাদেশ যে পথে যাওয়ার কথা, সেখানে তিন মাসের মধ্যে নির্বাচন হওয়ার কথা ছিল। সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে। আমরা বিশ্বাস করতে চাই, এই ফেব্রুয়ারির মধ্যেই যেন নির্বাচন অনুষ্ঠিত হয়। অন্যথায়, বাংলাদেশবিরোধী যে ষড়যন্ত্র চারদিকে চলছে, সেখানে পার্শ্ববর্তী দেশের একটি ভয়ংকর শক্তি কাজ করছে, যেখানে স্বৈরাচার শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন।”

ভারতের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, “ভারত কখনোই গণতন্ত্র বা স্বাধীনতার পক্ষে ছিল না। নিজেদের স্বার্থ রক্ষার জন্য তারা সবসময় বাংলাদেশকে ব্যবহার করেছে। এ দেশের মানুষকে তারা শোষণের ক্ষেত্র হিসেবে দেখে। বিশ্বজুড়ে তারা প্রচার চালাচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা। অনেক হিন্দু নাগরিক নিজেরাই সংবাদ সম্মেলন করে বলেছেন, ভারতের এই অভিযোগ সত্য নয়। তাই ভারত সম্পর্কে আমাদের সতর্ক ও সজাগ থাকতে হবে।”

ছাত্রদলের সাবেক সভাপতি এই বিএনপি নেতা বলেন, “শুধু প্রধান উপদেষ্টার ভারতবিষয়ক মন্তব্যেই থেমে থাকলে চলবে না। এখন কার্যকর পদক্ষেপ নিতে হবে। ছাত্র, তরুণ, কৃষক, শ্রমিক, পেশাজীবীসহ সব শ্রেণির মানুষ ও রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে।”

তিনি আরও বলেন, “বিএনপি, জামায়াতসহ সব রাজনৈতিক দল তাদের নিজ নিজ অবস্থান থেকে কথা বলবে, কিন্তু একটি বিষয়ে সবার ঐক্য থাকা জরুরি — তা হলো জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা। জনগণ পরপর তিনটি নির্বাচনে ভোট দিতে পারেনি; ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, ভোটের নামে তামাশা হয়েছে। তাই আসন্ন নির্বাচনটি স্বচ্ছ, গ্রহণযোগ্য ও অবাধ হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সাবেক এই সংসদ সদস্য বলেন, “বর্তমান সরকারের নিজের কোনো রাজনৈতিক শক্তি নেই। তারা যতই লাফাক না কেন, তাদের আসল শক্তি হচ্ছে কিছু দল যারা নিজেদের স্বার্থে সরকারকে সমর্থন করছে। আমাদের লক্ষ্য সেই গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ ও অক্ষুণ্ণ রাখা।”

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ভিপি মাইনুল ইসলাম তালুকদার (বাদল)। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, তাঁতি দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান (মনির), দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে. এম. রকিবুল ইসলাম রিপন, তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন এবং সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন মো. সুলাইমান প্রমুখ।

ইএইচ

Link copied!