আমার সংবাদ ডেস্ক
ডিসেম্বর ২৯, ২০২৫, ১২:৩৬ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
সোমবার রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তার পক্ষে এই আবেদনপত্র জমা দেন দলীয় প্রতিনিধিরা।
তারেক রহমানের প্রধান নির্বাচনী সমন্বয়ক আব্দুস সালাম এবং ডা. ফরহাদ হালিম ডোনার এই মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকসহ দলটির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা শেষে আব্দুস সালাম সাংবাদিকদের বলেন দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমান দেশে ফিরেছেন। এই দীর্ঘ সময় তাকে নানাভাবে নির্যাতন ও নিপীড়ন করা হয়েছে। আমরা বিশ্বাস করি আসন্ন নির্বাচনে এই আসন থেকে তিনি বিপুল ভোটে জয়ী হবেন।
তিনি আরও বলেন তারেক রহমানের নেতৃত্বে বর্তমান জাতীয় সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে। দেশ ও জনগণের প্রয়োজনে তিনি ভবিষ্যতে সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন এই বিএনপি নেতা।
জেএইচআর