নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১২, ২০২৬, ১০:২৮ পিএম
বাংলাদেশের সঙ্গে পশ্চিম পাকিস্তান কখনোই ন্যায়বিচার ও ইনসাফপূর্ণ আচরণ করেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, বিগত বছরগুলোতে স্বাধীনতার প্রকৃত ইতিহাস জাতির সামনে সঠিকভাবে উপস্থাপন করা যায়নি, যা অত্যন্ত দুঃখজনক।
সোমবার সন্ধ্যায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সেলিব্রেটি হলে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নির্বাচনী ব্যবস্থা প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, অতীতে যেমনটি হয়েছে, তেমন কোনো 'বোঝাপড়ার' নির্বাচন আমরা আর দেখতে চাই না। যেখানে কোনো নির্দিষ্ট দল বিজয়ী হয় কিন্তু জাতি পরাজিত হয়, তেমন জয় আমাদের কাম্য নয়। আমরা এমন এক নির্বাচন চাই যেখানে জাতির বিজয় নিশ্চিত হবে।
তিনি আরও বলেন, দেশে এমন একটি নির্বাচনী পরিবেশ তৈরি করতে হবে যেখানে প্রতিটি নাগরিক পূর্ণ স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিয়ে ভোটকেন্দ্রে যেতে পারবেন। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রতিটি বুথে সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে সরকারকে দায়বদ্ধ হতে হবে। জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে, আমরা জনগণের ওপর আস্থাশীল। তবে এখন পর্যন্ত সেই ভয়ভীতিহীন পরিবেশ তৈরি হয়নি।
দেশরক্ষা ও শাসনব্যবস্থা নিয়ে জামায়াত আমির বলেন, দেশের সীমানা সুরক্ষিত থাকলে অভ্যন্তরীণ কার্যক্রমও সুশৃঙ্খল থাকে।
ক্ষমতার মোহ ত্যাগ করে সকলকে দেশপ্রেমিক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশরক্ষা ও শাসনতন্ত্রের দায়িত্বে নিয়োজিতদের মধ্যে সুসমন্বয় থাকতে হবে। তবে কেউ যদি নিজের সীমাবদ্ধতা অতিক্রম করেন, তবে বিপর্যয় অনিবার্য হয়ে ওঠে এবং সেখান থেকেই ফ্যাসিবাদের জন্ম হয়।
েইএইচ