নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৫, ২০২৫, ০৮:১৬ পিএম
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনরত পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রাজধানীর শাহবাগ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার বিকেলে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি এখনো উত্তপ্ত, আর শাহবাগে যান চলাচল বন্ধ রয়েছে।
দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র উদ্দেশে পদযাত্রা শুরু করেন পরীক্ষার্থীরা। শাহবাগ মোড়ে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে অগ্রযাত্রা থামিয়ে দেয়। বাধার মুখে আন্দোলনকারীরা সেখানেই অবস্থান নিলে শুরু হয় ধাওয়া–পাল্টাধাওয়া। তাদের দাবি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।
পুলিশের ছোড়া সাউন্ড গ্রেনেড ও জলকামানের পাল্টা হিসেবে আন্দোলনকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করলে শাহবাগ থানার ওসি খালেদ মনসুরও আহত হন।
তিনি বলেন, “আন্দোলনকারীরা পুলিশের দিকে ইট-পাটকেল ছুড়েছে। আমি তার আঘাত পেয়েছি। তারা এখনো চারুকলার সামনে অবস্থান করছে।”
এর আগে আন্দোলনকারীরা লিখিত পরীক্ষার সময় পেছানোর দাবিতে স্মারকলিপি, মিছিল, অবরোধ ও অনশনসহ নানা কর্মসূচি পালন করেন। রাজশাহী, খুলনা ও ময়মনসিংহে রেল অবরোধ এবং ঢাকা-আরিচা মহাসড়ক বন্ধ করে দেন পরীক্ষার্থীরা। দাবি না মানলে পরীক্ষা বর্জনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা।
পরীক্ষার্থীদের অভিযোগ, আগের বিসিএসগুলোতে লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য ৬ মাস থেকে ১ বছর সময় পাওয়া যেত; এবার সময় দেওয়া হয়েছে অনেক কম। এ কারণে তারা যৌক্তিক প্রস্তুতির সুযোগ চান এবং পরীক্ষার তারিখ পিছিয়ে দেওয়ার দাবি জানাচ্ছেন।
অন্যদিকে পিএসসি জানিয়েছে, আগামী ২৭ নভেম্বর থেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রসহ দেশের আট বিভাগে একযোগে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আসনবিন্যাসসহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানায় সংস্থাটি।
ইএইচ