আমার সংবাদ ডেস্ক
জুলাই ১৮, ২০২৬, ০২:৪৭ এএম
আন্ডারওয়ার্ল্ডের অন্যতম শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের প্রধান সহযোগী ও ‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবে পরিচিত তানিম রেজা বাপ্পিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত ৮টার দিকে রাজধানীর কমলাপুর এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মতিঝিল থানা পুলিশ ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি যৌথ দল এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারের পর বাপ্পিকে বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে। এই অভিযানে বাপ্পির সঙ্গে রাকিবুল ইসলাম ভূঁইয়া রিজন নামে তাঁর আরও এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তানিম রেজা বাপ্পির বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানায় একাধিক গুরুতর মামলা রয়েছে।
পুলিশের তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের অবৈধ অস্ত্রভাণ্ডার ও এর সরবরাহ লাইনের অন্যতম মূল নিয়ন্ত্রক হিসেবে কাজ করতেন এই বাপ্পি। গত ২০২৫ সালের মে মাসে বাংলাদেশ সেনাবাহিনী কুষ্টিয়া জেলা থেকে সুব্রত বাইনকে গ্রেপ্তার করে। প্রধান নেতা গ্রেপ্তারের পর থেকেই বাপ্পি ও তাঁর দলবল অপরাধ জগতে নিজেদের আধিপত্য ধরে রাখতে নতুন করে তৎপরতা চালাচ্ছিলেন। এই গ্রেপ্তারের ফলে সুব্রত বাইন চক্রের অপরাধমূলক কর্মকাণ্ড বড় ধরনের ধাক্কা খেল বলে মনে করছে পুলিশ।
জেএইচআর