আমার সংবাদ ডেস্ক
জুলাই ১৭, ২০২৬, ০২:০৪ পিএম
রাজধানীর ডেমরা পুলিশ লাইন্সে সাইদুল ইসলাম (২১) নামে এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পারিবারিক কলহের কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে দাবি করেছেন স্বজনরা।
শুক্রবার ভোরে ডেমরা পুলিশ লাইন্সের একটি ভবন থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা মো. সোহাগ জানান, প্রায় নয় মাস আগে পুলিশ কনস্টেবল হিসেবে চাকরিতে যোগ দেন সাইদুল। পারিবারিক সমস্যার কারণে তিনি কিছুদিন ধরে হতাশায় ভুগছিলেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ডেমরা পুলিশ লাইন্সের ২০ তলা ভবনের সপ্তম তলায় নিজের কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে বিছানার চাদর পেঁচিয়ে গলায় ফাঁস দেন বলে পরিবারের কাছে খবর আসে।
সাইদুল ইসলামের বাড়ি ফেনী সদর উপজেলার লেমুয়া উত্তর চাঁদপুর গ্রামে। তিনি মো. সাদেকের ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এএন