ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রংপুরে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

সুজন আহম্মেদ, রংপুর

সুজন আহম্মেদ, রংপুর

সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০৮:৪৯ পিএম

রংপুরে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে হত্যার হুমকি এবং দীর্ঘদিনের বঞ্চনার প্রতিবাদে সাত দফা দাবিতে রংপুরে কারিগরি শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে প্রায় দুই ঘণ্টা মহানগরীর ব্যস্ততম শাপলা চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভে অংশ নেন শিক্ষার্থীরা। 

এ সময় শাপলা চত্বর, স্টেশন রোড, লালবাগ রোডসহ আশপাশের প্রধান ও বিকল্প সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে সাধারণ যাত্রী, অফিসগামী মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী ও রোগীবাহী যানবাহন মারাত্মক ভোগান্তিতে পড়েন।

সকাল ১১টার দিকে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে নগরীর বিভিন্ন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হন। 

পরে তারা কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে বিশাল বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি সেন্ট্রাল রোড, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, প্রেসক্লাব চত্বর ও গ্র্যান্ড হোটেল মোড় ঘুরে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে তারা সড়ক অবরোধ করে অবস্থান নেন এবং বিভিন্ন স্লোগান দেন। আন্দোলনে নেতৃত্ব দেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মিল্লাত হোসেন, শাওন হোসেন, আশিক আবরার ও মেহেদী হাসানসহ আরও অনেকে।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কারিগরি শিক্ষাকে অবমূল্যায়ন করা হচ্ছে। ডিপ্লোমা প্রকৌশলীদের প্রাপ্য অধিকার হরণ করে তাদের কর্মক্ষেত্র সংকুচিত করা হচ্ছে। তারা দাবি করেন, সরকার কর্তৃক স্বীকৃত নবম ও দশম গ্রেডে ডিপ্লোমাধারীদের অগ্রাধিকার থাকা সত্ত্বেও ষড়যন্ত্র করে তা থেকে বঞ্চিত করা হচ্ছে। এছাড়া, আন্দোলনকে ব্যাহত করতে বিএসসি প্রকৌশলীরা অযৌক্তিক ৩ দফা দাবি তুলছে এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের ভয়ভীতি দেখাচ্ছে।

সড়ক অবরোধের কারণে সাধারণ মানুষও চরম ভোগান্তিতে পড়েন। নগরীর আলমনগর এলাকার মাহিদুল ইসলাম নামে এক যাত্রী জানান, তিনি অসুস্থ রোগী নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। শাপলা চত্বরে যানজটে আটকে বিকল্প পথে যেতে গিয়ে দেরি হয়ে যায়। তিনি বলেন,

“মানুষের সুবিধা-অসুবিধার কথা চিন্তা করা উচিত। কিন্তু কেউ তা না ভেবেই কথায় কথায় রাস্তায় বসে আন্দোলন করছে। শিক্ষার্থী, রাজনৈতিক নেতা সবাই নিজেদের নিয়ে ব্যস্ত। মানুষ মরে পড়ে থাকলেও তাদের মাথা ব্যথা নেই।”

এ সময় ট্রাফিক পুলিশ যানজট নিরসনের চেষ্টা চালালেও সংকীর্ণ সড়কের দু’পাশের ফুটপাত দখল, সড়কে অবৈধ স্থাপনা ও যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ে।

আন্দোলনকারীরা হুঁশিয়ারি দেন, তাদের দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। ডিগ্রি প্রকৌশলীদের তিন দফা দাবি প্রত্যাখ্যান করে তারা জানান, কারিগরি খাত ধ্বংসের ষড়যন্ত্র তারা কোনোভাবেই মেনে নেবে না।

প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধের পর শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি সমাপ্ত করেন। তবে দাবি আদায় না হলে আবারও রাজপথে নামার ঘোষণা দেন তারা।

ইএইচ

Link copied!