আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)
সেপ্টেম্বর ২৬, ২০২৫, ০২:৪৪ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলের মধুপুর উপজেলার নয়াপাড়ায় বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাত ১০টায় মধুপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে নয়াপাড়া মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সন্ধ্যা নামতেই পৌর শহরের বিভিন্ন স্থান থেকে মিছিলসহকারে নেতাকর্মীরা সভাস্থলে সমবেত হতে থাকেন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কর্মীসভাটি জনসমুদ্রে রূপ নেয় এবং অতীতের সকল রেকর্ড ভেঙে ওয়ার্ড পর্যায়ের একটি কর্মীসভাকে জনসভায় পরিণত করে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জিয়া ফাউন্ডেশনের পরিচালক এডভোকেট মোহাম্মদ আলী বলেন,“মধুপুর-ধনবাড়ীর মানুষ চান স্থানীয় কাউকে এমপি হিসেবে দেখতে। অতীতে নানা জেল-জুলুম ও মামলার মধ্যেও আমি জনসাধারণের পাশে থেকেছি। তাই দলীয়ভাবে মনোনয়ন পেলে নির্বাচিত হয়ে এলাকাবাসীর উন্নয়নে সর্বদা পাশে থাকব, ইনশাআল্লাহ। একইসঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত বিএনপির ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করে যাব।”
সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সদস্য শাহীন আব্দুল ওয়াদুদ এবং সঞ্চালনা করেন পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র আহ্বায়ক মো. মোশারফ হোসেন সরকার মনি।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— মধুপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন বাবলু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মেয়র প্রার্থী আব্দুল লতিফ পান্না, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান সরকার, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক মিনজুর রহমান নান্নু।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সোহেল রানা মাসুম, উপজেলা মহিলা দলের সভানেত্রী হামিদা বেগম, পৌর মহিলা দলের সভানেত্রী সোনিয়া আকন্দ, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান আব্দুল, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শ্রাবণ হাবিব, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ আকন্দ প্রমুখ।
এ সময় উপজেলা বিএনপি, যুবদল, মহিলা দল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইএইচ