আমার সংবাদ ডেস্ক
জুলাই ১৮, ২০২৬, ০৭:৩৪ পিএম
বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে, কোনো ভদ্রলোক ওই দল করে না।
শনিবার (১৮ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জ্বালানিমন্ত্রী বলেন, অতীতে সিরাজগঞ্জে তার বাড়ির সামনে এসে মোটরসাইকেলের গতি বাড়িয়ে দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা হুমকি-ধামকি দিত। এখন কিছুটা ছাড় দেওয়ার কারণে আবারও বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সেই আস্তানা-মাস্তানরা হুমকি দিচ্ছে বলে শোনা যাচ্ছে।
তিনি বলেন, এ ক্ষেত্রে আমাদেরও কিছু দায় রয়েছে। দলের ঐক্য যেভাবে ধরে রাখা প্রয়োজন ছিল, সবসময় তা সম্ভব হয়নি। আবার অনেকে গোপনে তাদের সমর্থনও দিচ্ছেন।
নেতাকর্মীদের উদ্দেশে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছি বলে আমরা বড় হয়ে গেছি, এমন ভাবার সুযোগ নেই। যুদ্ধকালীন পরিস্থিতির মতো করে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। এ কাজে দলের নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি আরও বলেন, গত ১৭ বছর ধরে যে কষ্ট ও ত্যাগ স্বীকার করা হয়েছে, এবার তার মূল্য দিতে হবে। তবে অন্যায়ভাবে টিকে থাকার চেষ্টা করলে শেষ পর্যন্ত কেউ রক্ষা পাবে না।
জ্বালানিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে ভালোবাসেন এবং সবাইকে ঐক্যবদ্ধ রাখতে চান। তিনি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না। সবাইকে সঙ্গে নিয়ে চলাই জিয়া পরিবারের শিক্ষা।
এম জি