বি. এম. খোরশেদ, মানিকগঞ্জ
জুলাই ১৮, ২০২৬, ০৭:২৩ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) আসনে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছেন সংসদ সদস্য এস. এ. জিন্নাহ কবির। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
শনিবার (১৮ জুলাই) বিকেলে দৌলতপুর উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য এস. এ. জিন্নাহ কবির। পরে তিনি দৌলতপুর পিএস মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।
একই দিনে ঘিওর ও শিবালয় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি স্থাপনা ও গুরুত্বপূর্ণ স্থানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ এবং রোপণ কর্মসূচি পালন করা হয়।
এ সময় জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ ছাড়াও তিন উপজেলার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য এস. এ. জিন্নাহ কবির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে গত ৫ জুলাই থেকে মানিকগঞ্জ-১ আসনে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়েছে। পরিবেশ রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলার মানুষ প্রতিবছর নদীভাঙন, অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের নানা প্রভাবের মুখোমুখি হন। পরিকল্পিতভাবে ব্যাপক বৃক্ষরোপণ করা গেলে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি দুর্যোগের ক্ষয়ক্ষতিও অনেকাংশে কমানো সম্ভব হবে।
বৃক্ষরোপণ কর্মসূচিকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি রাজনৈতিক কর্মী, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সবুজ, নিরাপদ ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
এম জি