জহিরুল হক রাসেল, কুমিল্লা
অক্টোবর ১৫, ২০২৫, ০৫:৫৮ পিএম
কুমিল্লায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে হাত ধোয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় ‘হাত ধোয়ার নায়ক হোন’ স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
অনুষ্ঠানে শিশুরাও অংশগ্রহণ করে হাত ধোয়ার প্রশিক্ষণ নিচ্ছে। নগরের গুলবাগিচা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লম্বা সারিতে দাঁড়িয়ে হাত ধোয়ার প্রশিক্ষণের প্রদর্শনী আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুমিল্লা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাসরুল্লাহ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী রাজিব মাহমুদ মিঠুন।
তিনি বলেন, “যে সবচেয়ে সুন্দরভাবে হাত ধুতে পারবে সে-ই হবে নায়ক। ৬টি পদ্ধতিতে হাত ধুয়ে তোমরাও নায়ক হতে পারবে। হাত থেকেই জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে, যা দ্রুত অসুস্থতার কারণ হয়ে দাঁড়ায়। যদি ভালোভাবে হাত ধুতে শিখি, আমরা অসুস্থ হব না। আমরা হবো হাত ধোয়ার নায়ক।”
সভাপতির বক্তব্যে (নির্বাহী প্রকৌশলী) মোহাম্মদ নাসরুল্লাহ বলেন, “হাত ধুলে আমরা অনেকটাই নিরাপদ থাকি। জীবাণুদের হাত থেকে বাঁচতে পারি। জীবন বাঁচাতে পারি। হাত ধোয়ার দিবসটি ছোট্ট সোনামনিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
এ সময় আরও উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. ইউসুফ মোল্লা, গুলবাগিচা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ হাছিনা আক্তারসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
ইএইচ