বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
অক্টোবর ২০, ২০২৫, ১২:১৭ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পারিবারিক কলহের জেরে পুত্রবধূর হামলায় পারুল বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আসাদনগর মধ্যপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত পারুল বেগম ওই এলাকার বাসিন্দা আব্দুল ওয়াহিদ মিয়ার স্ত্রী। ঘটনার পরপরই অভিযুক্ত পুত্রবধূ লিলি আক্তার (২৭)কে আটক করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারুল বেগম ও লিলি আক্তারের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। ঘটনার রাতে লিলি তার মেয়েকে পড়ানোর সময় শাশুড়ির সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত লিলি পারুল বেগমের হাতে থাকা হাতুড়ি ছিনিয়ে নিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় পারুল বেগমের।
পরবর্তীতে লিলি আক্তার ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। তিনি শাশুড়ির মরদেহ ঘরের বাইরে দরজার সামনে রেখে চিৎকার করে জানান যে, বহিরাগত লোকজন এসে তার শাশুড়িকে হত্যা করে পালিয়ে গেছে।
নিহতের মেয়ে বিলকিস আক্তার জানান, আমার শ্বশুরবাড়ি গাজীপুরে। রাতে ফোনে জানতে পারি মা মারা গেছেন। কেউ ঠিকভাবে কিছু বলতে পারেনি। পরে বাঞ্ছারামপুরে এসে দেখি মা লাশ হয়ে পড়ে আছেন। এলাকাবাসী ও পুলিশ জানায়, আমার ভাইয়ের স্ত্রী হাতুড়ি দিয়ে মাকে হত্যা করেছে। আমি আমার মায়ের হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ বিষয়ে বাঞ্ছারামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জামিল খান বলেন, ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা যায়, পারিবারিক কলহের জেরে লিলি আক্তার তার শাশুড়িকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করেন। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ভিকটিমের মেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
জেএইচআর