স্পোর্টস ডেস্ক
জুলাই ২০, ২০২৬, ০৩:৩১ এএম
বিশ্বকাপ ফাইনালের নাটকীয়তা আরও বেড়ে গেল। অতিরিক্ত সময় শুরুর আগমুহূর্তে এনসো ফের্নান্দেস লাল কার্ড দেখায় ১০ জনের দলে পরিণত হয়েছে আর্জেন্টিনা।
স্পেনের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য সমতায় শেষ হয়। এরপর যোগ করা সময়ের শেষ দিকে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন আর্জেন্টিনার মাঝমাঠের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় এনসো। নিয়ম অনুযায়ী দ্বিতীয় হলুদ কার্ডের কারণে তাকে মাঠ ছাড়তে হয়।
এর আগে ম্যাচের ৮২তম মিনিটে স্পেনের রদ্রিকে ফাউল করে প্রথম হলুদ কার্ড পেয়েছিলেন এনসো ফের্নান্দেস। পরে আবারও ফাউলের কারণে শাস্তি পেয়ে লাল কার্ড দেখেন তিনি। ফলে বিশ্বকাপ ফাইনালের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে ১০ জন নিয়ে লড়াই করতে হচ্ছে আর্জেন্টিনাকে।
গোলের জন্য মরিয়া স্পেন এখন একজন বেশি খেলোয়াড়ের সুবিধা পাচ্ছে। অন্যদিকে, আর্জেন্টিনা রক্ষণ সামলে পাল্টা আক্রমণের মাধ্যমে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।
এর আগে পুরো ম্যাচে স্পেন বল দখলে এগিয়ে থাকলেও আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে টিকিয়ে রাখেন। এনসোর বিদায়ে এখন বিশ্বকাপ ফাইনালের ভাগ্য নির্ধারণে আর্জেন্টিনাকে আরও কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে।
এএন