মহুয়া জান্নাত মনি, রাঙামাটি
অক্টোবর ২৭, ২০২৫, ০৫:৫৩ পিএম
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, প্রধান উপদেষ্টার কথা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, “সেটা সেভাবেই হবে এবং আমরা সেই প্রক্রিয়ায় আগাচ্ছি।”
উপদেষ্টা আরও বলেন, নির্বাচনী তফসিল ঘোষণার ব্যাপারটি নির্বাচন কমিশনের দায়িত্ব। “আমাদের ক্যাবিনেট মিটিং আইনিভাবে এই সরকার নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত যে কাজগুলো করার কথা রয়েছে, আমরা তা করবো এবং ক্যাবিনেটে সেই সিদ্ধান্তগুলো গৃহীত হবে।”
রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে কাপ্তাই হ্রদের স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন।
এর আগে রাঙামাটি স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মোবারক হোসেনের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমীনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) ফারাহ শাম্মী।
সভায় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, জেলা জামায়াতের আমীর মো. আব্দুল আলীম, জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের সভাপতি মো. নুরুল ইসলাম বাচা, জেলা এনসিপির সমন্বয়কারী মো. জাহিদুল ইসলাম, নাগরিক পরিষদ প্রতিনিধি এম. এ. বাশার, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি সায়েদা ইসলাম সাদিয়া, জেলা মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুর শুক্কুর, পেশাজীবি মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি মোহর আলীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ এবং বিএফডিসির কর্মকর্তারা।
সভার শুরুতে কাপ্তাই লেকের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে একটি ভিডিও প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা বিএফডিসি ব্যবস্থাপক কমান্ডার মোহাম্মদ ফয়েজ আল করিম।
উপদেষ্টা সাংবাদিকদের আরও বলেন, কাপ্তাই লেক রক্ষার জন্য প্রথম কাজ হচ্ছে ড্রেজিং, এবং এটি এখানকার সকলের দাবি। “তাছাড়া কাপ্তাই লেকে দূষণের পরিমাণ দিন দিন বাড়ছে। এখানে পয়ঃনিষ্কাশনসহ যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা হচ্ছে। দূষণের ব্যাপারে স্থানীয় সরকার, পরিবেশ মন্ত্রণালয় এবং অন্যান্য সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।”
উপদেষ্টা বলেন, কাপ্তাই লেকে পলি জমে যাওয়ার কারণে পানির স্তর কমে যাচ্ছে। ফলে পানির উপরের স্তরে বড় মাছ থাকতে পারছে না। এই কারণে লেকে ছোট মাছের আধিক্য বেড়েছে এবং বড় মাছ কমে যাচ্ছে। লেক রক্ষার জন্য সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসতে হবে।
তিনি জানান, আজ সোমবার বিকেলে তিনি কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র, বিএফডিসির কাপ্তাই উপকেন্দ্র এবং বিএফডিসির বিভিন্ন স্থান পরিদর্শন করবেন।
ইএইচ