মহুয়া জান্নাত মনি, রাঙামাটি
অক্টোবর ২৯, ২০২৫, ০৪:১৮ পিএম
রাঙামাটির ঐতিহ্য, সংস্কৃতি ও বৈশিষ্ট্যকে তুলে ধরে একটি গ্রন্থ প্রকাশের উদ্যোগ নিয়েছে রাঙামাটি জেলা পরিষদ। এ উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে জেলা পরিষদের এনেক্স ভবনের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করে জেলা পরিষদ।
সভায় জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদারের সভাপতিত্বে ও মূখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো. রেজাউল করিমের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠিত হয়। এতে পরিষদের সদস্য দেব প্রসাদ চাকমা, মাছুদা আক্তার, নাইপ্রু মারমা এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় চেয়ারম্যান কাজল তালুকদার বলেন, রাঙামাটির ঐতিহ্য, সংস্কৃতি ও বৈশিষ্ট্যকে কেন্দ্র করে যে গ্রন্থটি প্রকাশের পরিকল্পনা নেওয়া হয়েছে, তাতে সাংবাদিকদের সুচিন্তিত মতামত ও সহযোগিতা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের সহায়তায় একটি প্রাথমিক কমিটি গঠন করা হবে, যা পরবর্তীতে মূল সম্পাদকীয় কমিটি চূড়ান্ত করবে।
এ সময় সাংবাদিকরা প্রস্তাব করেন, বইটিতে রাঙামাটির কাপ্তাই হ্রদ, ধর্মীয় সম্প্রীতি, সামাজিক সহাবস্থান, পাহাড়ি সংস্কৃতি ও জীবনধারা, বয়ন ও কারুশিল্প, সুবলং জলপ্রপাত, ঝুলন্ত সেতু, পর্যটন সম্ভাবনা, জীববৈচিত্র্য, পাহাড়ি খাদ্যসংস্কৃতি এবং রাজবন বিহারের ইতিহাসকে গুরুত্বসহকারে অন্তর্ভুক্ত করা উচিত।
সভার উপস্থিত সাংবাদিকরা এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন এবং গ্রন্থ প্রকাশনায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
জেএইচআর