শরিফুল ইসলাম, রংপুর
ডিসেম্বর ১৭, ২০২৫, ০৫:০৫ পিএম
দায়মুক্তি আইনের আওতায় সম্পাদিত সব চুক্তি বাতিল ও জ্বালানি খাতের অপরাধীদের বিচারসহ ৯ দফা দাবিতে রংপুরে মানববন্ধন করেছে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
বুধবার বেলা সাড়ে ১১টায় রংপুর প্রেসক্লাব চত্বরে ক্যাবের জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
ক্যাব রংপুর জেলা শাখার সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সহ-সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, মহানগর শাখার সহ-সভাপতি হাসান ফেরদৌস এবং সাধারণ সম্পাদক জয়নুল আবেদিন মিঠুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ক্যাবের উল্লেখযোগ্য দাবিগুলো হলো, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিগত ১৫ বছরে আত্মসাৎ হওয়া অর্থ আদায় এবং দায়ীদের বিচার নিশ্চিত করা। সরকারি মালিকানাধীন কোম্পানির শেয়ার ব্যক্তিখাতে হস্তান্তর বন্ধ রাখা। বিদ্যুৎ উৎপাদনে তরল জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে আনা। ক্ষতিপূরণের অর্থ দিয়ে ‘এনার্জি প্রাইস স্ট্যাবিলাইজড ফান্ড’ গঠন করা। বাংলাদেশ এনার্জি রেগুলেটর কমিশন আইন ২০০৩-এর মৌলিক সংস্কার করা। নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে বিনিয়োগকারীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করা।
বক্তারা বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতকে সিন্ডিকেটমুক্ত করে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে হবে। এই ৯ দফা দাবি অবিলম্বে মেনে নেওয়া না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। কর্মসূচিতে ক্যাবের জেলা, মহানগর ও বিভিন্ন উপজেলা পর্যায়ের সদস্যরা অংশ নেন।
ইএইচ