মিরাজ আহমেদ, মাগুরা
ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১১:০৮ এএম
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার (জিওসি) মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মাগুরা সফর করছেন।
সকাল ৯টায় তিনি মাগুরা জেলায় পৌঁছে প্রথমে শ্রীপুর উপজেলায় দায়িত্বরত সেনা ক্যাম্প পরিদর্শন করবেন। এ সময় মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও নির্বাচনকালীন নিরাপত্তা প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেবেন।
পরিদর্শন শেষে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেবেন জিওসি। সভায় জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সমন্বিত প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং দায়িত্ব পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।
নির্ধারিত কর্মসূচি শেষে বেলা সাড়ে ১১টায় তিনি মাগুরা ত্যাগ করে ঝিনাইদহের উদ্দেশে রওনা হবেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, নির্বাচন উপলক্ষে সেনাবাহিনীর তদারকি ও সমন্বয় কার্যক্রমের অংশ হিসেবেই এই সফর ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে। এতে মাঠপর্যায়ে প্রস্তুতি আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
এএন