নোয়াখালী প্রতিনিধি
ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৩:০৫ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। নির্বাচনের দিন জেলার বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি চোখে পড়েছে। বিশেষ করে গ্রামীণ এলাকার কেন্দ্রগুলোতে সকাল থেকেই নারীদের দীর্ঘ লাইন দেখা গেছে।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সদর উপজেলার জামারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা গেছে যে ভোট দেওয়ার জন্য আগেভাগেই কেন্দ্রের মাঠে উপস্থিত হয়েছেন অসংখ্য নারী। একইভাবে কবিরহাট সরকারি কলেজ কেন্দ্রেও নারী ভোটারদের বিপুল উপস্থিতি লক্ষ্য করা গেছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ৮৭৫টি ভোট কেন্দ্রের মধ্যে ২৬১টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে এই সব ভোটকেন্দ্রের সবকটিই সিসি ক্যামেরার আওতায় রয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত বাহিনী মোতায়েনসহ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
নোয়াখালী ১ আসনে ১৪১টি কেন্দ্রের মধ্যে ৫৩টি অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নোয়াখালী ২ আসনে ১১১টি কেন্দ্রের মধ্যে ৩৮টি এবং নোয়াখালী ৩ আসনে ১৬৬টি কেন্দ্রের মধ্যে ৬০টি অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে। এই আসনে জেলার মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র চিহ্নিত করা হয়েছে।
নোয়াখালী ৪ আসনে ১৯৮টি কেন্দ্রের মধ্যে ৪২টি এবং নোয়াখালী ৫ আসনে ১৫৫টি কেন্দ্রের মধ্যে ৫১টি অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে। নোয়াখালী ৬ আসনে ১০৪টি কেন্দ্রের মধ্যে ১৭টি কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয়েছে, যা জেলার মধ্যে সর্বনিম্ন।
নোয়াখালীর এই ছয়টি আসনে বিএনপি, জামায়াত, জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি এবং জেএসডিসহ কয়েকটি দলের মোট ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটাররা কোনো বাধা ছাড়াই পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
নোয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, জেলায় উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত কোনো কেন্দ্রে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। ভোটের আগের রাতে হাতিয়াতে কিছুটা উত্তেজনা থাকলেও কোনো কেন্দ্র আক্রান্ত হয়নি এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে।
জেএইচআর