জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল
জুলাই ১৯, ২০২৬, ০৭:৫৪ পিএম
জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের চ্যালেঞ্জ মোকাবিলা করে পার্বত্য অঞ্চলের টেকসই উন্নয়নে সরকার অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। তিনি উল্লেখ করেছেন, সরকারের সময়োপযোগী ও দূরদর্শী আগাম পদক্ষেপের কারণেই সাম্প্রতিক বন্যায় পার্বত্য এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে।
রোববার দুপুরের দিকে খাগড়াছড়ির মহালছড়িতে বন্যা-পরবর্তী ত্রাণ সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সব জনগোষ্ঠীকে নিয়ে রংধনুর বাংলাদেশ গড়তে চান বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, বন্যাদুর্গত মানুষের কথা চিন্তা করে আজ থেকে সরকারের বিশেষ খাদ্য সহায়তা কর্মসূচি চালু হয়েছে। এতে স্বল্প মূল্যে হতদরিদ্র মানুষ খাদ্য সহায়তা পাবে।
পার্বত্য প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান রংধনুর জাতি গঠনের যে স্বপ্ন দেখছেন, তাতে সবার সহযোগিতা প্রয়োজন। পার্বত্য এলাকার উন্নয়নে সরকারের বিশেষ মনোযোগ রয়েছে।’
এ সময় তিনি জেলার মহালছড়ির চোংড়াছড়ি, পাকুজ্জাছড়ি ও মাইসছড়িতে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।
এ সময় স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া, জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান, মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফানুল হক চৌধুরীসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।
এএন