মো. মহসিন তালুকদার, মাদারীপুর
ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০২:৩৫ পিএম
মাদারীপুরে রাজনৈতিক উত্তাপের জেরে এক বিএনপি নেতার বসতবাড়িতে ভয়াবহ হামলা ও অর্ধশত ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অভিযোগের তীর মাদারীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আক্তার হাওলাদারের অনুসারীদের দিকে।
শুক্রবার রাতে নতুন মাদারীপুর শহরের লক্ষ্মীগঞ্জ এলাকায় এ তাণ্ডব চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রমিক দল সভাপতি শাকিল হত্যা মামলার আসামি হওয়ায় সাবেক কাউন্সিলর আক্তার হাওলাদার ও তার কর্মীরা দীর্ঘদিন এলাকাছাড়া ছিলেন।
অভিযোগ উঠেছে, গত ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) নির্বাচনের সুযোগ নিয়ে তারা এলাকায় ফেরেন এবং শুক্রবার সন্ধ্যায় সাবেক মাদারীপুর জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক লাভলু হাওলাদারের বাড়িতে সশস্ত্র হামলা চালান।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা লাভলু হাওলাদারকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালায়। এ সময় এলাকা প্রকম্পিত করে একে একে প্রায় ৫০টিরও বেশি হাতবোমা ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। বোমার বিকট শব্দে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে; সাধারণ মানুষ দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন এবং অনেকেই নিরাপদ আশ্রয়ে চলে যান।
ভুক্তভোগী লাভলু হাওলাদার বলেন, "হঠাৎ সন্ত্রাসীরা এসে আমার বাড়িতে হামলা ও বোমা নিক্ষেপ শুরু করে। আমার পরিবার এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মাদারীপুর সদর থানার ওসি মো. আবুল কালাম আজাদ জানান "লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম জানান: পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এএন