আশরাফ গোলাপ, কেন্দুয়া (নেত্রকোণা)
মার্চ ৮, ২০২৬, ০৩:৩৪ পিএম
নেত্রকোণার কেন্দুয়ায় ছেলের হাতে শারীরিক নির্যাতনের শিকার হয়ে রাগে ও অভিমানে বিষপানে এক মায়ের আত্মহত্যার খবর পাওয়া গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক বিষক্রিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার সকালে উপজেলার গন্ডা ইউনিয়নের মনকান্দা গ্রামের পূর্ব পাড়ায় সরেজমিনে প্রতিবেশী ও স্থানীয়দের সাথে কথা বলে ঘটনার বিস্তারিত জানা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে নিহত হাজেরা খাতুন (৬৮) প্রায়ই তাঁর একমাত্র ছেলে সবুজ মিয়া ওরফে আরব আলীর হাতে মারধরের শিকার হতেন। এরই ধারাবাহিকতায় গত ৪ মার্চ ভোরে হাজেরা খাতুন বিষ (কীটনাশক) পান করেন।
গুরুতর অবস্থায় তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিন দিন পর অর্থাৎ ৭ মার্চ বিকেলে তিনি মৃত্যুবরণ করেন।
সবুজ মিয়ার স্বজন ও প্রতিবেশীদের একাংশ দাবি করেছেন যে হাজেরা খাতুন মানসিকভাবে কিছুটা অস্বাভাবিক ছিলেন এবং এর আগে কয়েকবার বাড়ি থেকে হারিয়েও গিয়েছিলেন। তবে তাঁদের ধারণা, কোনো কারণে অভিমান থেকেই তিনি বিষপান করে থাকতে পারেন।
স্থানীয় ইউপি সদস্য মো. উসমান মিয়া জানান, মা ও ছেলের মধ্যে প্রায়ই ঝগড়া হতো এবং ছেলে তাঁর মাকে মারধর করত। তিনি বলেন, "আমরা এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে অনেকবার বিষয়টি সমাধানের চেষ্টা করেছি। শুনেছি ঘটনার আগেও হাজেরা খাতুনকে মারধর করা হয়েছিল।"
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী মাকসুদ দুপুরে জানান যে পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত শেষে রিপোর্ট ও আনুষ্ঠানিক অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেএইচআর