ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

সাভারে জমি দখল ও প্রতারণার অভিযোগে ভূমিদস্যু কারাগারে

আলী রেজা রাজু, সাভার

আলী রেজা রাজু, সাভার

এপ্রিল ৫, ২০২৬, ০৪:০৮ পিএম

সাভারে জমি দখল ও প্রতারণার অভিযোগে ভূমিদস্যু কারাগারে

ঢাকার সাভারে দীর্ঘদিন ধরে জমি দখল, মারধর, মিথ্যা মামলা ও প্রতারণার অভিযোগে অভিযুক্ত ভূমিদস্যু মো. ফারুক হোসেন (৫০) নামে এক চতুর প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দুই পক্ষের শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং পুলিশ সুপারের দৃঢ় ভূমিকার প্রশংসা করছেন স্থানীয়রা।

জানা গেছে, ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগ পাওয়ার পর ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তার সরাসরি তদারকিতে গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে সাভারের বলিয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ফারুক হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি বনগাঁও ইউনিয়নের বলিয়ারপুর পাঁচ আনি এলাকার মো. মাইনুদ্দিনের ছেলে।

মামলার বাদী ও ভুক্তভোগী মো. আমির হামজা অভিযোগ করেন, তার ভাতিজা ফারুক হোসেন দীর্ঘদিন ধরে পৈতৃক বসতভিটা দখলের চেষ্টা করে আসছিলেন। জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বিভিন্ন সময় মিথ্যা মামলা, ভয়ভীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে তাদের পরিবারকে এলাকা ছাড়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছিল। একাধিকবার হামলা ও হয়রানির শিকার হয়ে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছিলেন।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৩ ফেব্রুয়ারি বিকেলে ফারুক হোসেন ও তার সহযোগীরা লাঠি, রড ও অস্ত্র নিয়ে আমির হামজার বাড়িতে হামলা চালায়। এ সময় তার বড় ছেলের স্ত্রী পিংকিকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ ওঠে। হামলায় তার ছেলে জাহাঙ্গীর হোসেন, ছোট ছেলে অভি, স্ত্রী শাহনাজ বেগম এবং কোলে থাকা দুই বছর ছয় মাস বয়সী শিশু জায়ান আহত হয়। পরিবারের সদস্যরা প্রাণভয়ে ঘরের ভিতরে আশ্রয় নিলে বাইরে থেকে তালা লাগিয়ে তাদের আটকে রাখা হয় এবং আগুন দিয়ে হত্যার হুমকি দেয়া হয় বলে অভিযোগে বলা হয়েছে।

পরবর্তীতে পরিবারের সদস্যরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তালা খুলে আহতদের উদ্ধার করে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করে।

ভুক্তভোগী আমির হামজা আরও অভিযোগ করেন, ফারুক হোসেন দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দিয়ে নিরীহ মানুষকে হয়রানি করে আসছেন। তদন্তকারী কর্মকর্তাদের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিয়ে চাপ সৃষ্টি করা এবং পৈতৃক জমি জোরপূর্বক দখলের চেষ্টা করার ঘটনাও তিনি তুলে ধরেছেন। এমন পরিস্থিতিতে নিরুপায় হয়ে তিনি ঢাকা জেলার পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন এবং ন্যায়বিচারের আবেদন জানান।

অভিযোগ পাওয়ার পর পুলিশ সুপার মো. মিজানুর রহমান তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তার নির্দেশে পুলিশ দ্রুত তদন্ত কার্যক্রম পরিচালনা করে এবং অভিযুক্ত ফারুক হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

ফারুক হোসেনের গ্রেপ্তারে ভুক্তভোগী পরিবার, এলাকাবাসী ও স্থানীয় সচেতন মহল স্বস্তি প্রকাশ করেছেন। এলাকাবাসী বলেন, দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও ভয়ের কারণে কেউ প্রতিবাদ করতে পারছিল না। পুলিশ সুপারের দৃঢ় ও ন্যায়নিষ্ঠ ভূমিকার ফলে অবশেষে একজন প্রভাবশালী অভিযুক্ত আইনের আওতায় এসেছে।

ভুক্তভোগী পরিবার পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “পুলিশ সুপার স্যার বিষয়টি গুরুত্ব না দিলে আমরা ন্যায়বিচার পেতাম না। এখন আমরা আশা করছি আইনের মাধ্যমে সঠিক বিচার হবে এবং শান্তিতে বসবাস করতে পারব।”

এ ব্যাপারে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, জমি সংক্রান্ত বিরোধ ও মারধরের ঘটনায় দায়ের করা মামলার তদন্তের ভিত্তিতে ফারুক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এএন

Link copied!