ফেনী প্রতিনিধি
এপ্রিল ৯, ২০২৬, ০৮:২৭ পিএম
গণভোটের গণরায়কে পূর্ণাঙ্গভাবে কার্যকর করার দাবিতে ফেনীতে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় জোটের পক্ষ থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার আসর নামাজের পর শহরের কেন্দ্রীয় বড় জামে মসজিদ এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুফতি আবদুল হান্নান বলেন, বর্তমান সরকার গণভোটের পক্ষে অবস্থান নিয়ে ক্ষমতায় এলেও এখন সেই জনমতকে পাশ কাটিয়ে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার চেষ্টা করছে। দেশের সচেতন নাগরিকরা সরকারের এমন অবস্থান কোনোভাবেই মেনে নেবে না। তিনি অবিলম্বে জনগণের রায়কে সম্মান জানিয়ে তা বাস্তবায়নের দাবি জানান।
জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবদুর রহীমের সঞ্চালনায় সমাবেশে জোটের শরিক দলগুলোর শীর্ষ নেতৃবৃন্দ অংশ নেন। এতে খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা মোজাফফর আহমদ, এবি পার্টির জেলা সভাপতি মাস্টার আহসান উল্যাহ ও সাধারণ সম্পাদক ফজলুল হক এবং ডেভেলপমেন্ট পার্টির জেলা সেক্রেটারি মোঃ ইসমাইলসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, গণভোটের রায় বাস্তবায়নে কোনো প্রকার কালক্ষেপণ করা হলে ভবিষ্যতে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। সমাবেশ শেষে জোটের নেতাকর্মীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। এ সময় জামায়াতের শহর আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেএইচআর